Wednesday, 12 November 2014

Midnight Grief

এখান থেকে আকাশ দেখা যায় না
মধ্যরাতে বাদুড় কি ওড়ে?
জানালার গ্লাসে সবই ব্ল্যাক
আচ্ছা, পুলিশের পকেটে কি.. থাকে মানিব্যাগ?

হুইসেল বাজে ফাঁকা রাস্তায় আর
নিয়ন আলোয় বেওয়ারিশ কুকুর
ফুটপাতে শোয়া পাগলীটা হাসে-
হু হা হা.. খ্যাঁক, খ্যাঁক!
আচ্ছা.. রক্ত হবে কি বরুণার জন্য
করুণা করে হলেও.. 'ও পজেটিভ' এক ব্যাগ?

Tuesday, 26 August 2014

মধ্যরাতে বৃষ্টি

যে শহরে বৃষ্টি নামে মধ্যরাতে
ভিজিয়ে যায় বহুতল বাড়ীর ছাদের অ্যান্টেনা, চিলোকোঠা
আর একঝলকে বৃষ্টিস্নাত হয় ছোট্টবারান্দা
সে শহরে কেউ কেউ জেগে থাকে বৃষ্টি নামবে বলে
অধিকাংশ রাতেই বৃষ্টি নামে না
নামাতে হয় জোর করে।

যে শহরে আকাশের গর্জন শোনা যায় মধ্যরাতে
বৃষ্টি নামবে বলে আয়োজন করে অপেক্ষায় থাকে করপোরেশনের প্রহরীরা
হুইসেল বাড়িয়ে সেক্টরপুলিশের সাইকেল চলে যায় সাঁ সাঁ করে
সে শহরে মেঘের বাড়ী ছেড়ে বৃষ্টি নামে না কখনো কখনো
জোর করে নামাতে হয়..
কখনো মেঘের জলে, কিংবা অভিমানি ষোড়শীর চোখের জলে!

২৬.০৮.১৪
উওরা, ঢাকা

Thursday, 9 January 2014

ড্রাফট লেটার

১০)

ভাবিস না বদলে গেছি আমি।
সময়টা বদলে গেছে,
বদলে গেছে হাতঘড়ি
বদলে গেছে-
তোর আর আমার
চাওয়া পাওয়ার চাওয়া-চাওয়ি।

প্রচন্ড শীত
আমাদের মাঝে স্থান করে নিয়েছে-
কোন এক সাইবেরিয়ান অতিথি পাখি
তুই ভাবছিস-
এতো শীতে.. হ্যাঁ এতো শীতে
কেন এসেছে এ পাখি?
বারবার ভেবে মুগ্ধ হচ্ছিস..
আর বারবার.. মুগ্ধই হচ্ছিস!

আর আমি ভাবছি-
আমি ভাবছি হায়
মাইনাস কয়েক ডিগ্রী সেলসিয়াস
সহ্য করতে পারেনি তাই
নাতিশীতোষ্ণ এ অঞ্চলে
উড়ে এসেছে জুড়ে বসেছে
ঠিক আমাদের মাঝামাঝিতে..
আর মুগ্ধ হচ্ছিস তুই!

সময় হবে
ঘড়ির কাঁটা ঘুরবে
ক্যালেন্ডারের পাতা বদলাবে
ফিরে যাবে সাইবেরিয়ান পাখি
আমি জানি..
আমি জানি তুই ফিরে আসবি
ফিরে আসবি ভুল বোঝা শঙ্খের সুরে
হয়তো একটু জল ফেলে কাঁদবি
এ আর এমন কি?!
মাঝখানের এ সময়টা হবে ফাঁকি।
বুঝবি..
মানুষকে বোঝার অনেকটা এখনো বাকি।


০৯.০১.২০১৪ (শেষ প্যারা)
ডিসেম্বর ২০১৩'র কোন এক দিন (বাকি অংশ)



১১)

যাচ্ছে দিন, বাড়ছে ঋণ
সুদিন আসছে কই?
নীড়গুলোতে পাখি ফেরে
একলা বসে রই

সন্ধ্যা নামে, রাস্তা পাড়ে
ফুচকা খাচ্ছে ওই,
নিয়ন আলোয় যায় না চেনা
চেনা তুই কই?


(ডিসেম্বর ২০১৩)

Sunday, 22 December 2013

সুদিন

আমরা হয়তো আছি একটু
সবার চেয়ে ভালো
সন্ধ্যারাতে জ্বলে ওই
ল্যাম্পপোষ্টের আলো।
দূর আকাশে চেয়ে দেখো
তারা ঝিলিমিলি
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন ওড়ে
আকাশ স্বপ্নপুরী।


আমরা হয়তো আছি যে
এই শহরে ভালো
জ্যাম ঠেলে এগিয়ে চলে
হেডলাইটের আলো।
ক্লান্তি নিয়ে চেয়ে দেখো
জ্বলছে চাঁদের আলো
স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন থাকে
জোছনায় ভালো।


আমরা হয়তো আছি হয়ে
স্বপ্নভাঙ্গা কারো
দু'চোখ বয়ে গলে পড়া
নোনতা জলের অক্সি কিংবা হাইড্রো।
ঝাপসা চোখেই চেয়ে দেখো
বাড়ছে রাতের আয়ু
পাশিপাশি আশা ভাঙ্গি
প্রতিকূল জলবায়ু।


১০.১২.১৩
উত্তরা, ঢাকা। 

Tuesday, 10 December 2013

ড্রাফট লেটার

৯)

এ কার চোখ?
আমি এ চোখে স্বপ্ন দেখিনি।
এ চোখ ধূলোঝড়ে আঘাত পায়নি,
মিথ্যেবাদী তোমার জন্যে-
এ চোখ আহত দৃষ্টিতে চেয়ে থাকেনি।

তবে এ কার চোখে
আমি আবারো নিঃসঙ্গ তোমায় দেখছি?

১০.১২.১৩

Thursday, 4 July 2013

খামখেয়ালীপনা

আমি জানতাম একদিন মেঘ হবে
আকাশ ডাকবে
বৃষ্টি ঝরবে
তবু ইচ্ছে করে ছাতা সঙ্গে নেইনি
জানি বৃষ্টি ভেঁজা তোর একদমই পছন্দ নয়।

আমি জানতাম অনেক কিছু লিখতে হবে
পাতা ভরাতে হবে
কষ্ট ঝরাতে হবে
তবু ইচ্ছে করেই এক্সট্রা পেন আনিনি
জানি 'না লেখা' কথা তুই বুঝে নিবি।

আমি জানতাম অনেকটা পথ হাঁটতে হবে
অনেক কথা হবে
পায়ে পায়ে
তবু প্রায়-ছেড়া জুতো নিয়েই বেরিয়েছি
জানি বাকীটা পথ বসেই কাঁটিয়ে দেয়া যাবে।

আমি জানতাম অনেকটা রাত জাগতে হবে
অনেক কথা হবে
তবু মুঠোফোনটার ব্যাটারী চার্জ করিনি
তবু তুই রাতভর জেগে থাকবি
জানতাম চার্জ ফুরোলেও তোর কথা শেষ হবে না।

আমি জানতাম একদিন সব ভেঙ্গে যাবে
ভেঙ্গে-চুরে টুকরো টুকরো হয়ে যাবে
টুকরো টুকরো হয়ে অদৃশ্য অতীত হয়ে যাবে
তবু তুই-আমি কেউই ভুলে থাকতে পারবো না
জানি সম্পর্ক কখনো ঠুনকো হয় না।

২৪.৫.১৩

Saturday, 4 May 2013

অভিমানপত্র

হাজারটা অভিযোগে অভিযুক্ত করতে পারি তোমায়
আসামী করে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটার পর একটা সাক্ষ্য দিতে পারি
মশাল মিছিলে আড়াল হওয়া অন্ধকারের মতো কেটে পড়া অভিমান ছড়িয়ে লাভ নেই
আড়ালেই থেকে যাবে সব লেনা-দেনা
আড়ালেই থাকবে যতো মিথ্যে স্বপ্নবোনা..

উড়ে যাওয়া ঘুম জুড়ে বসবে তোমার দু'চোখে
তবু কাছে পাবেনা নিশ্চিন্ত কিছু স্বপ্ন
স্বপ্ন দেখার আকুলতায় ব্যর্থ হবে,
স্বপ্ন বেচার অপবাদে ক্ষয়ে ক্ষয়ে যাবে তোমার চোখ
তবু আর স্বপ্ন দেখতে পাবেনা।

নির্ঘুম ক্লান্তির ভেলায় ভেসে যাওয়া রাতে অমবস্যা নামবে বারবার
চাঁদ-তারার অবিশ্বাস তোমায় একা রাখবে চিরকাল
চিরকাল অন্ধকারেই রয়ে যাবে
ওদের দারুণ অবাধ্যতায়!

০৪.০৫.১৩